সিলেটের পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক ও তাঁর সহকর্মী বি আর পরাগের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ঘুষ ও ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন যুক্তরাজ্যপ্রবাসী নারী মানবাধিকারকর্মী শামীমা বেগম।
শামীমা বেগম বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ বা অনিয়মের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাঁর মতে, যাচাই ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যেমন ঠিক নয়, তেমনি অভিযোগ উপেক্ষা করাও কাম্য নয়।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তদন্তে অনিয়ম বা অপরাধের প্রমাণ মিললে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে অভিযোগকারী ও সাক্ষীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
তাঁর চার দফা দাবি হলো:
১. অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা।
২. পুলিশি ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
৩. সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের কার্যকর ব্যবস্থা রাখা।
৪. আইনের শাসন, মানবাধিকার ও জবাবদিহি নিশ্চিত করা।