সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে তাদের সিলেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য কবির আহমেদ কুব্বার (৬৮), অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন (৬০), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী (৬৬)।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার তিনজন বিশ্বনাথ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘তারা নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’