রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কমলগঞ্জে আগাম আমনের ধান কাটা শুরু
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি, মধ্যখানে অনাবৃষ্টি, পোকার আক্রমণ ও ঘূর্ণিঝড় সিত্রাং এর বৈরী আবহাওয়া অপেক্ষা করে গত কয়েক দিন ধরে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠের ফসল ঘরে তুলতে দিনরাত কাজ করছেন তাঁরা। তবে আশানুরূপ ফলন না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষকেরা জানান, আমন চাষে সার, বীজ ও অন্যান্য খরচে দাম বাড়ায় গেল বছরের তুলনায় একর প্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ বেশি হয়েছে। বাজারে এখনো নতুন ধান বিক্রি শুরু হয়নি। ধানের দাম যদি বৃদ্ধি না হয় তাহলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে।
দেখা যায়, উপজেলার সদর ইউনিয়ন, মুন্সীবাজার, পতনঊষার, রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম আমন ধান কাটছেন কৃষকেরা। কয়েকদিনের মধ্যে ধান কাটার ধূম পরবে। যারা ধান কাটা শুরু করেছেন তাদের কেউ রাস্তায় রোদে ধান শুকাচ্ছেন কেউ মাড়াই করছেন। আবার কেউ বাড়িতে ধান সিদ্ধ করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্র ছিল ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে। আমন চাষে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগামী ২০ থেকে ৩০ দিনের মধ্যে শতভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পারবেন। উপজেলার অনেক কৃষক আমন ধান ঘরে তুলে বোরো ধান চাষ করেন। তাঁরা দ্রুত সময়ে মধ্যে আমন ধান কেটে বোরোধান চাষ করবেন।
সদর ইউনিয়নের কৃষক পারভেজ মিয়া বলেন,প্রায় ৪ একর জমিতে আমন ধান চাষ করছি। ইতিমধ্যে আগাম আমন ধান কাটা শুরু করেছি। কয়েক দিনের মধ্যে সব জমির ধান ঘরে তুলতে পারবো। এসব জমিতে আবার বোরো ধান রোপণ করব। ফসল মোটামুটি ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, উপজেলার ভূমি উর্বর থাকায় ধান ও রবিশস্য ফসল ভালো হয়। এখন পর্যন্ত ফসলের মাঠ পুরোটাই ভালো আছে। ফলনও ভালো হয়েছে। কৃষকের ধান কাটা শুরু করেছেন আশা করছি কিছুদিনের মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা শেষ হবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত