বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ বিজিবি ১৯ ব্যাটালিয়নের অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ও মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আর মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূণ্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।