গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে ফেলেছে তাসকিন আহমেদের দল।
রাজশাহী চলতি বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষ করেছে। এর মধ্যে ৬টিতে জিতেছে রাজশাহী। তাদের চেয়ে বেশি ম্যাচ জয়ের সুযোগ আছে চট্টগ্রাম কিংসের। তারা ৯ ম্যাচে জিতেছে ৫টি। শেষ তিন ম্যাচের দুটিতে জিতলে শেষ চার নিশ্চিত।
রাজশাহীর সমান ম্যাচ জয়ের সুযোগ আছে খুলনা টাইগার্সের। খুলনার বাকি আছে দুই ম্যাচ। ওই দুই ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবেন মিরাজরা। দুই ম্যাচেই জিতলে নেট রান রেটে খুলনা ও রাজশাহীর মধ্যে একদল যাবে শেষ চারে।
মিরপুর স্টেডিয়ামে সিলেট এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। বিস্ময় উপহার দিয়ে দলটির হয়ে ওপেনিংয়ে নামেন সামিউল্লাহ সেনওয়ারি ও অধিনায়ক আরিফুল হক। তারা ব্যর্থ হন। তবে মিডলে নেমে জাকির হাসান ২৪, জাকের আলী ১৭ ও আহসান ভাট্টি ২৫ রানের ইনিংস খেলেন।
জবাবে ৩.১ ওভার হাতে থাকতে জয় তুলে নিয়েছে রাজশাহী। দলটি ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকে আকবর আলী ও রায়ান বার্ল রাজশাহীকে জিতিয়েছেন। তারা ৭৫ রানের জুটি গড়েন। আকবর ৩৮ বলে ৪৩ রান যোগ করেন। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। বার্ল ৩৪ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কার শট আসে।