সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্নয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭জনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত আজমল হোসেন গোয়াইনঘাটে সবকটি নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।
আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফয়জুর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান,ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে মৌলভী ফয়সল আহমদ।
জানা যায়, আজমলের নেতৃত্বে একটি সন্ত্রাসী সিন্ডিকেট নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের জনৈক ব্যক্তি গোয়াইনঘাট থানায় মামলা (নং-১৩ (০৭-০৭-২৫) দায়ের করেন।
র্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আজমলসহ ৭জনকে গ্রেফতার করে র্যাব। রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন,গোয়াইনঘাট থানায় দায়েরকৃত একটি চাঁদাদাজির মামলায় ৭ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন র্যাব-৯'র কর্মকর্তারা। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।