ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িতদের মধ্যে ৫০ জনের সম্পৃক্ততা পেয়েছে দুদক। এ ছাড়া আলাদা দুটি তালিকা জমা দিয়েছে জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি ও মন্ত্রিপরিষদ গঠিত উচ্চতর কমিটি। তবে এই দুই তালিকায় কতজনকে চিহ্নিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নজিরবিহীন লুটপাটের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর—দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে অ্যাকশনে উদ্যোগি হয় প্রশাসন। লুট হওয়া পাথর উদ্ধার এবং পুনঃস্থাপনের দিকে বিশেষ নজর দেয় প্রশাসন। লুটের ঘটনা তদন্তে গঠিত হয় একাধিক কমিটি। আর এরই জেরে বদলি করা হয় সিলেটের জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
অভিযানে নামছে দুদক:
সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের ‘সাদা পাথর’ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
এতে বলা হয়, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য মোতাবেক উক্ত লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর সিআইডি এ অনুসন্ধান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরিবেশগত অপরাধ সংঘটনপূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে সাদা পাথর লুটপাটের ঘটনায় যেসব ব্যক্তি ও সংঘবদ্ধ অপরাধ চক্র জড়িত তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলা ও গ্রেফতার:
লুটের ঘটনায় গত ১৫ আগস্ট অজ্ঞতনামা ২ হাজার জনকে আসামি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলা দায়েরের ১৮ দিন পেরিয়ে গেলেও— এপর্যন্ত মাত্র ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লুটের সাথে জড়িত হিসেবে যেসব প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে, তাদের কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার অভিযানও অনেকটা স্থিমিত হয়ে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে প্রশ্ন ওঠেছে, লুটপাটকারীরা তবে কী গা ঢাকা দিয়েছে? আদৌ জড়িতদের ধরবে কি পুলিশ।
এই মামলার বাইরেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে সাদাপাথর লুটে সিলেটের কয়েকজন শীর্ষ রাজনীতিকসহ ৪২ জনের নাম উঠে আসে। এছাড়া জেলা প্রশাসনের তদন্তে ১৩৭ জনের সম্পৃক্ততাও পাওয়া যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার সদ্য বদলির আদেশ হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমধ্যমকে বলেন, "সাদাপাথর লুটের সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রতিদিনই অভিযান চলছে। যৌথবাহিনীর সহায়তায় অভিযান চলছে। মামলায় যেহেতু কারো নাম নেই— তাই যাচাই-বাছাই করে অভিযান চালাতে হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েও আমরা শনাক্তের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত তাদের খোঁজে পাইনি।"
এছাড়া সিলেটের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও সাদাপাথর লুটের সাথে সম্পক্ততার প্রমাণ পায় দুদক। তবে তিনজনকে বদলি করা ছাড়া প্রশাসনের কারো বিরুদ্ধেও এপর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
সাদাপাথর উদ্ধার ও প্রতিস্থাপন:
সর্বশেষ তথ্য অনুযায়ী, লুট হওয়া প্রায় ২৮ লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে ২৬ লাখ ঘনফুট সাদাপাথর পর্যটনকেন্দ্র ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বাকিগুলো প্রতিস্থাপন প্রক্রিয়াধীন।
বুধবার দুপুরে শ্যামল সিলেটের সাথে কথা হলে সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, আরও ১ সপ্তাহ সময় লেগে যাবে উদ্ধার হওয়া বাকী পাথরগুলো প্রতিস্থাপন করতে।
তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোকে পর্যটকবান্ধব করতে আমরা সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করব।
পাথর লুট ও দুদকের পরিদর্শন:
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পটপরিবর্তনের পর থেকেই সিলেটের ভোলাগঞ্জ এলাকার সাদাপাথরে প্রকাশ্যে লুটপাট শুরু হয়। গত আগস্ট মাসের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম সিলেটের সাদাপাথর লুটপাট। টনক নড়ে প্রশাসনের। পাথর লুটের পর গত ১৩ আগস্ট বুধবার সাদাপাথর পরিদর্শনে যায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সাদাপাথর চুরির সঙ্গে জড়িত সিলেটের ৪২ জনকে চিহ্নিত করে। এর মধ্যে স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে এদের সংশ্লিষ্টতা পায়।
সাদাপাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্যও পায়। এরপর খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) কোম্পানীগঞ্জ অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১২ আগস্ট পর্যন্ত ভোলাগঞ্জ কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে প্রশাসনের অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিজিবি ও টাস্কফোর্সের উপস্থিতি থাকা সত্ত্বেও তাদের কাউকেই সাক্ষী করা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরাও সরেজমিন স্পট পরিদর্শন করেন। সিলেটে তারা গণশুনানিতে অংশ নিলেও সাদাপাথর পূর্বের অবস্থায় ফিরে আসা বা আসামি গ্রেফতারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা বলেননি।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম শ্যামল সিলেটকে বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এরমধ্যে প্রায় ২৬ লাখ ঘনফুট সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। লুটকৃত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন একইসাথে চলছে। উদ্ধারকৃত বাকি পাথরও প্রতিস্থাপন করতে আরও সপ্তাহখানেক সময় লেগে যাবে।’