সিলেটে ৫ আগষ্টের আগে রাজপথে কোটা বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের দমন করতে দেখা মিলে অত্যাধুনিক অস্ত্রের। প্রকাশ্যে এসব অস্ত্রের ব্যবহার হয় সাধারণ শিক্ষার্থী ও প্রতিপক্ষ বিভিন্ন বিরোধী নেতাকর্মীদের উপর। রাজপথে ব্যবহৃত এসব অস্ত্রের একটিরও নাগাল পায়নি আইনশৃঙ্খলাবাহিনী।
গত দেড় বছরে যে সকল অস্ত্র উদ্ধার হয়েছে তাতেও সে সময় ব্যবহৃত একটি অস্ত্র নেই। অপরদিকে, পটপরিবর্তনের পর সিলেটের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হয় অসংখ্য অস্ত্র।
এছাড়া সীমান্ত অতিক্রম করে সিলেটে ঢুকছে অস্ত্র। গত দেড় বছরে বেশ কয়েকটি অস্ত্রের চালানও ধরা পড়েছে। কিন্তু অস্ত্র কারবারিদের একজনও ধরা পড়েনি।
বিগত সরকারের সশস্ত্র ক্যাডারদের অস্ত্রের মহড়া, জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্রবাজি ও থানাসহ পুলিশ প্রশাসনের অস্ত্র লুটের পর চরম ঝুঁকিতে সিলেট অঞ্চল। সর্বস্তরের রাজনীতিক, সচেতন মহল ছাড়াও খোদ প্রশাসনও নির্বাচন সামনে রেখে এ নিয়ে আছে সংশয়ে।
একদিকে ২৪ সালের আগষ্টের আগে ও পরে প্রকাশ্যে ব্যবহৃত অস্ত্র অপরদিকে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় চেনা অস্ত্র নিয়ে অচেনা আতঙ্ক তৈরী হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে আসা অস্ত্র আগামী নির্বাচনে মারাত্মক প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছেন সচেতন মহল। তাদের মতে প্রকাশ্যে ব্যবহৃত অস্ত্র বা থানা থেকে লুট হওয়া অস্ত্র যেকোনটির ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি। এসব অস্ত্র উদ্ধার ও সীমান্ত দিয়ে আসা অস্ত্র আসা বন্ধ না করতে না পারলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকে লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এছাড়া বাসাবাড়িতে মিলছে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড।
গেল বছর আওয়ামী লীগ সরকার পতনের আগে সিলেটে আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দেয়। নগরীর গুরুত্বপূর্ণ ন্থানে এমন মহড়া ছিল লক্ষণীয়। মহড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও ছিলেন।
এর আগে একই বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ঠেকাতে ছাত্রলীগ মদিনা মার্কেট এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়। ওই দিন মিছিলে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখা যায়। প্রদর্শিত অস্ত্রের মধ্যে এম-১৬ রাইফেলও ছিল। যা সেই সময়কার সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা শিবলু আহমদের হাতে দেখা গেছে।
তখন বিভিন্ন গণমাধ্যমে অস্ত্রধারীদের ছবিও ছাপা হয়। এসব অস্ত্রধারীদের একজনও ধরা পড়েনি; এমনকি একটি অস্ত্রও উদ্ধার হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও সুনামগঞ্জের সীমান্তপথ দিয়ে প্রায় সময়ই অস্ত্র ও বিস্ফোরকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করে। গোয়েন্দা তথ্যমতে, ভারতীয় ‘আমিন এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড’ কোম্পানিতে তৈরি নিওজেল-৯০ বিস্ফোরক, ডেটোনেটরসহ বিভিন্ন সরঞ্জাম চোরাইপথে ঢুকছে বাংলাদেশে।
এছাড়া সিলেট সীমান্ত এলাকা হওয়ায় প্রায়ই ধরা পড়ছে অস্ত্রের চালান। গত কয়েকদিনে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে সীমান্ত এলাকা থেকে। তাই নির্বাচনের আগে সীমান্তে নিরাপত্তা জোরদার ও বিগত সময়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে জোর দাবি জানিয়েছেন সিলেটের সচেতন মহল।
এদিকে, ৫ আগস্ট সরকার পতনের পর সারাদেশের মতো সিলেটেও সৃষ্টি হয়েছিল চরম অস্থিরতা। সেসময় সিলেট নগরী ও জেলার কয়েকটি থানা ও ফাঁড়ি থেকে ১০১ টি অস্ত্র লুট হয়। পুলিশের তথ্যমতে, মোট ১০১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার ৭৪০ রাউন্ড গুলি লুট হয়, যার মধ্যে এখনো ১৬টি অস্ত্র ও ৫ হাজার ১৯৯ রাউন্ড গুলির কোনো হদিস নেই।
২ নভেম্বরে ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ বিজিবি উচ্চক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক, দুটি ডেটোনেটর ও একটি বিদেশি রিভলভার উদ্ধার করে। গত ১০ ডিসেম্বর অস্ত্র কেনা বেচার সময় নগরীর মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে শটগানের ২৬ রাউন্ড কার্তুজ। এসময় গ্রেপ্তার করা হয় মো. এনামুল হক ও বোরহান উদ্দিন নামে দুজনকে। এসব কার্তুজ বিভিন্ন থানা থেকে লুট হওয়া বলে পুলিশ জানিয়েছে। তারা দুজনেই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
গত ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সাউন্ড গ্রেনেডটি জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের কোনো থানা থেকে লুট করা বলে জানা গেছে। গত ২৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জ থানার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র্যাব।
১৩ ডিসেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ক্লিনিকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল (প্রায় ১ হাজার ২০০ গ্রাম), পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং প্রায় ২০০ গ্রাম গান পাউডার উদ্ধারকরে র্যাব-৯।
এর আগে ২০২৩ সালের এপ্রিলেও সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল। বিশেষ করে কানাইঘাট সীমান্ত ব্যবহার করে পয়েন্ট টু-টু বোর রিভলভার ও নাইন এমএম পিস্তল বাংলাদেশে আসছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে বিভিন্ন রাজনৈতিকদল প্রার্থী মনোনয়ন দেওয়ার পর মাঠে নির্বাচনী উত্তাপ বেড়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার পর পরই গেল বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের প্রার্থী শরীফ ওসমাদীকে গুলি করে হত্যা হরা হয়। তাকে হত্যার পর পর নির্বাচনে প্রার্থীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। এ অবস্থায় প্রচারণার ভিড়ে মিশে যাওয়া অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসীরা যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটানোর আশঙ্কাও তৈরী হয়েছে। ফলে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রার্থী, রাজনীতিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সচেতন ও পর্যবেক্ষক মহল।
ইদানীং অনলাইনে অস্ত্র বিক্রির তথ্য পেয়েছে র্যাব। দীর্ঘ গোয়েন্দা তৎপরতার পর র্যাব অনলাইনে অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে র্যাব। পুলিশ ও র্যাবর তথ্যমতে, দেশের অস্ত্র ও বিস্ফোরকের চালান আসে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও কুমিল্ল্া সীমান্ত হয়ে। ২০২১ সালে বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিকসহ তিনটি দেশীয় তৈরি বন্দুক, অ্যামুনিশনসহ গ্রেপ্তার করে।
অপরাধ বিশ্লেষকরা সীমান্ত নজরদারি জোরদার, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি ও অপরাধী চক্রের অর্থায়ন বন্ধ করাটাও জরুরী বলে মনে করছেন। এখনই কঠোর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আখতার বলেন, লুট হওয়া একটি অস্ত্র বাইরে থাকা জনগণের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এটি আগামী নির্বাচনের জন্য হুমকি। এজন্য তিনি অস্ত্র উদ্ধার অভিযানে আরও সতর্ক পদক্ষেপ নিয়ে এগুনোর পরামর্শ দেন। তিনি বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি এবং দেখেছি ৫ আগস্ট সরকার পতনের পর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা যায়নি। এতে জনমনে আতঙ্ক কিছুটা হলেও আছে। এছাড়া সীমান্ত দিয়ে অস্ত্র আসছে। সব মিলিয়ে অস্ত্র উদ্ধারে অগ্রাধিকার দিতে হবে। এটি যত জোরালো হবে সাধারণ মানুষের উদ্বেগ ততটা কমবে।
এ ব্যাপারে র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এখনো বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নাম প্রকাশ না করে নগর পুলিশের আরেক কর্মকতা জানান, ৫ আগষ্টের আগে ও পরের সময় অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও ও ছবি দেখে অস্ত্রধারীদের পরিচয় সনাক্তের কাজ চলমান। অনেকের পরিচয়ও জানা গেছে। পাশাপাশি অস্ত্রধারীদের অবস্থান সনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টায় আছে পুলিশ। এছাড়া প্রদর্শিত অস্ত্রগুলো কোথা থেকে কিভাবে এসেছে। কাদের হেফাজতে এগুলো ছিল- সেটাও উদঘাটনে পুলিশ কাজ করছে।