সিলেট-৩ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের নেতৃবৃন্দ।
উপজেলা মডেল মসজিদ অডিটোরয়িামে সিলেট-৩ আসনের জমিয়তের লিয়াজো কমিটির সভাপতি মাওলানা খিজির আহমদের সভাপতিত্বে এবং লিয়াজো কমিটির সেক্রেটারি হাফিজ মাওলানা শরিফ আহমদ শাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম-ওলামাদের সাথে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আলেম সমাজের প্রতি মানুষের আস্থা ও সম্মান রয়েছে। এ আস্থা কাজে লাগিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশেই তিনি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং স্থায়ীভাবে বাংলাদেশে অবস্থান করে রাজনীতি করার অঙ্গীকার করেছেন। তিনি আগামী নির্বাচনে জমিয়তের নেতাকর্মী ও আলেম সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি এবং এই আসনে জমিয়ত ঘোষিত প্রার্থী মাওলানা নজরুল ইসলাম বলেন, আমি এই আসনে আমার দল জমিয়ত কর্তৃক মনোনীত প্রার্থী ছিলাম। প্রচারণাও অব্যাহত ছিল আমার। কিন্তু জমিয়ত-বিএনপি জোটবদ্ধ হওয়ার পর আমি জমিয়তের কেন্দ্রের নির্দেশনাকে মেনে নিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেই।
মাওলানা নজরুল ইসলাম আরও বলেন, আমি এই আসনে জমিয়ত-বিএনপি জোটের মনোনীত প্রার্থী এম এ মালিককে সমর্থন জানাই এবং আমার দলের সকল নেতাকর্মীকে আমাদের জোটের প্রার্থীর পক্ষে মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হাকীম আবদুল মান্নান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আবদুল কাদীর, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, জমিয়ত নেতা মাওলানা এনামুল হক, হাফিয খালেদ আহমদ, মাওলানা রেজাউল করীম রাজু, মাওলানা মহসিন আহমদ, মাত মাওলানা তাজ উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা জাহিদ আল হাসান, মাওলানা মাহমুদুল হাসান নুমান, মাওলানা শফিউল আলম তুহিন, মাওলানা তুফায়েল আহমদ মাহের, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা আবদুল ওয়াহিদ, মাওলানা নজমুদ্দিন, মাওলানা আবদুল হামিদ খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিশেষে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।