আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
বেলা ১২টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের নেতৃত্বে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় প্রার্থীরা অথবা তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীক থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক প্রদান করা হচ্ছে।
তবে কোনো প্রতীক একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করলে এবং পারস্পরিক সমঝোতা না হলে লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—এমন স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক প্রতীকের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রার্থীদের মধ্যে প্রতীকের নমুনা কপি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত