প্রতিমা নাকি বাস্তবের মানুষ—প্রথম দেখায় তা বোঝা কঠিন! দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী পরীমনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে পরীমনিকে দেখা যায় লাল পাড়ের সাদা শাড়িতে। মাথায় বড় মুকুট, গলায় ফুলের মালা, শরীরজুড়ে নানা ধরনের গয়না আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে দেবী দুর্গার সাজে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’; আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’
পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই পরীমনির ভিডিওতে প্রতিক্রিয়া পড়েছে ৩৭ হাজারের বেশি। মন্তব্যের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি শত শতবার শেয়ার হয়েছে ভিডিওটি, আর ভিউ ছাড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায়, দেবী দুর্গার সাজে পরীমনির এই বিশেষ ফটোশুট নেটিজেনদের বেশ সাড়া ফেলেছে।
এদিকে অভিনয়ে পরীমনির হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং শেষ করেছেন সংশ্লিষ্টরা। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।