পাঁচ দফা দাবিতে সিলেটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট কাজী কল্যাণ সমিতি ও সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করে।
কর্মসূচি শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন নেতারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম। পরিচালনা করেন সিলেট কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল খান।
বক্তারা বলেন, প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬ এর খসড়া নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এতে নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম-অধিক্ষেত্র পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিয়োগের বিষয়টিও তাঁরা মেনে নিতে পারছেন না।
তাঁদের দাবি, বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখতে হবে। বিধিমালা প্রণয়ন কমিটিতে অভিজ্ঞ নিকাহ্ রেজিস্ট্রারদের অন্তত দুজন প্রতিনিধি রাখতে হবে। পাশাপাশি বিবাহ, তালাক, নকল ও কমিশন ফি বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে। তাঁরা বিতর্কিত খসড়া বাতিলের দাবি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, সহসভাপতি কাজী মাওলানা মো. নুরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জাকারিয়া খান, কাজী মাওলানা মো. আবুল কাশেম, কাজী মাওলানা আব্দুল্লাহ, কাজী কয়েস খান, কাজী মাওলানা জামাল উদ্দিন, কাজী মাওলানা আব্দুল ওদুদ, কাজী আব্দুস শাকুর, কাজী মাওলানা ফখরুদ্দিন ও কাজী মাওলানা আব্দুল বাসিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. জয়নুল ইসলাম মুনিম, সহসভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু সালেহ মওদুদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুস সালাম, আইনবিষয়ক সম্পাদক কাজী মাওলানা নুরুল আমিন, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল মুকিত এবং সদস্য কাজী মাওলানা মো. আব্দুল কাইয়ুম ও কাজী মাওলানা ইমরান আহমদ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা গোলাম আহমদ।-বিজ্ঞপ্তি