নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এসব ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আ ন ম আহমাদুল বাশার একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করার অপরাধে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়।
অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে এই অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধের এ আদেশ দেন।