সিলেট নগরীর জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট মহানগর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ও জালালাবাদ থানার পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে মো. রাসেল আলী (৪৬) এবং মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে পাঠানটুলা এলাকা থেকে রাসেল আলীকে এবং দিবাগত রাত আড়াইটার দিকে মইয়ারচর এলাকা থেকে ইহতেশাম আহমদ মাআজকে গ্রেফতার করে জালালাবাদ থানা-পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাসেল আলী ২০২৪ সালের ২২ আগস্ট জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। অপরদিকে, মাআজ চলতি বছরের ২ আগস্ট একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
গ্রেফতারকৃত দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।