রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে মণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার আনসার সদস্য

হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় এবার ৬৬৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জনবল সংকটে অন্যান্য বছরের মতো এবার মন্ডপভিত্তিক পুলিশ মোতায়েন করা হচ্ছে না। প্রতিটি মন্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। এ জন্য জেলায় চার হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, পুলিশের স্বল্পতার কারণে মন্ডপভিত্তিক পুলিশ মোতায়েন করা হবে না। তবে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তাত থাকবে। জরুরি সেবার জন্য রাখা হবে মুঠোফোন। নিরাপত্তার বিবেচনায় মন্ডপগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৩৫টি মন্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১৯৪টি ও সাধারণ ৩৩৭টি মন্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মজিবুল হক জানান, জেলা গোয়েন্দা শাখার(ডিএসবি) প্রতিদিনের ভিত্তিতে মন্ডপগুলোতে চার হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মন্ডপের শ্রেণীবিন্যাস ও সংখ্যা পরে পরিবর্তন হতে পারে। জেলায় সবচেয়ে বেশি পূজামন্ড বানিয়াচং উপজেলায় ১২২টি দ্বিতীয় সর্বোচ্চ ১১৬টি মাধবপুরে। এ ছাড়া নবীগঞ্জে ৯১টি, চুনারুঘাটে ৮২টি, হবিগঞ্জ সদরে ৭৮টি, লাখাইয়ে ৬৭টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০টি, বাহুবলে ৫৫টি এবং আজমিরীগঞ্জে ৩৫টি মন্ডপে পূজা হবে। শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।

হবিগঞ্জে মণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার আনসার সদস্য