বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কর্মচারীদের দক্ষতা বাড়াতে সিসিকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিসিক সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। তাই দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। শুধু চাকরি বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান দৈনন্দিন দাপ্তরিক কাজে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।তিনি আরও উল্লেখ করেন, মাঠ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই প্রশিক্ষণ পরিচালনা করছেন, যার মাধ্যমে সিসিকের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং নাগরিকরা উন্নত সেবা পাবেন।সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ধাপে দাপ্তরিক আচরণ, প্রটোকল, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং রাজস্ব আহরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মচারীদের দক্ষতা বাড়াতে সিসিকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু