বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিয়ানীবাজারে বাড়ি নির্মাণে আভিজাত্যের লড়াই

সিলেটের প্রবাসীবহুল উপজেলা বিয়ানীবাজারের গ্রামীণ পথ ধরে হাঁটলেই চোখে পড়ে সারি সারি প্রাসাদোপম বাড়ি। সমতল সবুজের মাঝে কিংবা পাহাড়-টিলার চূড়ায় কোটি কোটি টাকা খরচে নির্মিত এসব বাড়ি প্রবাসীদের সাফল্য ও আভিজাত্যের প্রতীক। কিন্তু চোখধাঁধানো এই দৃষ্টিনন্দন বাড়িগুলোর সিংহভাগই সারা বছর জুড়ে পড়ে থাকে নিস্তব্ধ ও 'পরিত্যক্ত' অবস্থায়। উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ও সুযোগ না পেয়ে প্রবাসীরা তাদের জমানো অলস টাকা ব্যয় করছেন বিলাসবহুল আবাসন তৈরিতে, যা স্থানীয় অর্থনীতিতে কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে পারছে না।সচেতন মহলের মতে, বিয়ানীবাজারে কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এসব প্রাসাদোপম বাড়ি কেবলই আভিজাত্যের প্রতিযোগিতা। কোনো প্রকার অর্থনৈতিক বা উৎপাদনশীল কাজে এসব অর্থ ব্যবহার হচ্ছে না। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান এবং বিশেষঅর্থনৈতিক অঞ্চল স্থাপন করা গেলে প্রবাসীরা অলস অর্থ বাড়ি তৈরিতে অপচয় না করে শিল্পখাতে বিনিয়োগে উৎসাহিত হতেন। স্বজনদের ভোগ-বিলাসে প্রবাসীদের অর্থ ব্যয় হলেও মূল অর্থনীতিতে তা যুক্ত হচ্ছে না।অন্যান্য উপজেলার তুলনায় বিয়ানীবাজার শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী নেতাদের মতে, বিনিয়োগের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও অনুকূল পরিবেশ না থাকায় প্রবাসীরা পিছিয়ে যাচ্ছেন। একসময় প্রবাসীরা আবাসন খাতে বিপুল পরিমাণ টাকা ঢাললেও খাতটিতে মন্দা দেখা দেওয়ায় তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রবাসীদের উদ্যোগে বেশ কিছু বিপণিবিতান ও বহুতল ভবন নির্মাণ করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।আইনজীবীদের মতে, প্রবাসীদের রক্ত পানি করা উপার্জনে কেনা জমি ও বিশাল বাড়িগুলো পরবর্তীতে স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এতে প্রবাসীরা দেশে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলছেন। সিলেটজেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আমান উদ্দিন এবং অ্যাডভোকেট আবুল কাশেম জানান, বিদেশে বেড়ে ওঠা প্রবাসীদের নতুন প্রজন্মের দেশের প্রতি আগের মতো টান নেই। তারা দেশের জমিজমা বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাওয়ার প্রবণতায় ঝুঁকছেন। তাই বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা ও নিরাপত্তা না দিলে ভবিষ্যতে প্রবাসীদের পরবর্তী প্রজন্মের সাথে দেশের আত্মিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব হাসান আহমদ এবং বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতিএনাম উদ্দিনের মতে, প্রবাসীরা নিজ জন্মভূমিতে বিনিয়োগ করতে আন্তরিকভাবে আগ্রহী। কিন্তু প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় জটিলতা এবং শিল্পবান্ধব পরিবেশের অভাবে তারা উৎসাহিত হতে পারছেন না। দ্রুত এই জটিলতা দূর করে শিল্প খাতের বিকাশ ঘটাতে পারলে প্রবাসীদের অর্থ দেশের মূলধারার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

বিয়ানীবাজারে বাড়ি নির্মাণে আভিজাত্যের লড়াই