বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া ছিল। পরে শুরু হয় রিমান্ড শুনানি।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে কারাগারে আটকে রাখার যুক্তি তুলে ধরেন।ইকবাল সোবহান চৌধুরীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানান তার আইনজীবী চৌধুরী মো. গালিব রাকিব। তিনি বলেন, ‘আমরা জামিন চাইনি। আসামি অসুস্থ। তিনি একটি টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কারাগারে যাতে তাকে ডিভিশন দেওয়া হয়, সেই আবেদন করেছি।’এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থার নির্দেশ দেন।বুধবার বিকালে রাজধানীর মহাখালীর বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়।মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. আরিফ (১৮)। তিনি ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে তার চোখে গুলি লাগে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ২৩৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।ইকবাল সোবহান চৌধুরী ওই মামলার ৫৩ নম্বর আসামি বলে জানিয়েছিলেন এসআই মোহাম্মদ আমির হোসেন।বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ২০১৩ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও পরাজিত হন।দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্বে ছিলেন। এ ছাড়া দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও।

কারাগারে ইকবাল সোবহান চৌধুরী