এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ২৮ হাজার ৩৬১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ১২৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮৬০ জন রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকালে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ বোর্ডে ফল পরিবর্তনের হার সবচেয়ে বেশি। এ বোর্ডে আবেদনকারীদের ৪৪ দশমিক ১৯ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএস পাঠানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।