বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা অনুমোদন

সিলেট বিভাগের চার জেলার (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার এক বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর পাশাপাশি সারা দেশে দীর্ঘ সেতু নির্মাণ এবং খাল ও ছোট নদী খননের যে দুটি মেগা প্রকল্প পাস হয়েছে, তা থেকেও প্রত্যক্ষভাবে উপকৃত হবে হাওর ও নদীবেষ্টিত সিলেট অঞ্চল।বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত সাতটি প্রকল্পের মধ্যে আঞ্চলিক পর্যায়ে সর্বোচ্চ ৫ হাজার ১০৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভাগের চার জেলার প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ, হাট-বাজার এবং গ্রামীণ জনপদের সামগ্রিক অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।একনেকে অনুমোদিত জাতীয় পর্যায়ের দুটি বড় প্রকল্প সিলেট অঞ্চলের ভৌগোলিক ও কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে-অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে (২০২৬-২০৩১)। অসংখ্য নদ-নদী ও হাওরবেষ্টিত সিলেট বিভাগের বিচ্ছিন্ন জনপদগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার আরেকটি প্রকল্প (২০২৬-২০৩০) অনুমোদন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে এ প্রকল্পটি বৃহত্তর সিলেটের কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে।মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।এছাড়া একনেক সভায় অনুমোদিত অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে— ফরিদপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, বৃহত্তর যশোর জেলার অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা, মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা, বরিশালে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা, জয়পুরহাট-বগুড়া-গাইবান্ধার ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় তুরাগ নদী ও রিটেনশন পন্ড সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা। পাশাপাশি ঢাকায় বিমান বাহিনী কর্মকর্তাদের আবাসন উন্নয়নে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা, জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং ঢাকার ধামরাইয়ে এনএসআই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন এবং পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ১৪টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়।সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা অনুমোদন