শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিলেটের এহতেশাম হক যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন।মৌলভীবাজার-৪ আসনে দলটির সাবেক প্রার্থী প্রীতম দাশ যুগ্ম সদস্যসচিব থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সিলেট জেলা কমিটির সদস্যসচিব কামরুল আরিফ।শুক্রবার দুপুরে দলের ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও রদবদল আনা হয়েছে।পুনর্গঠিত কমিটিতে এহতেশাম হক যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তাকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নতুন করে এ দায়িত্ব পেয়েছেন কামরুল আরিফ। তিনি এর আগে এনসিপির সিলেট জেলা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এদিকে, প্রীতম দাশ আগের কমিটিতে যুগ্ম সদস্যসচিব ছিলেন। নতুন কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক এবং হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত সামান্তা শারমিন আগের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পুনর্গঠিত কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠনের বিষয়ে আপত্তি থাকায় তিনি নির্বাচনে অংশ নেননি।নতুন কমিটিতে সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল আরিফের সঙ্গে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাহিদ উদ্দিন তারেক।

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ