সিলেট বিভাগে জনস্বাস্থ্য পরিস্থিতিতে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে একই সাথে হাম ও ডেঙ্গু রোগের ঊর্ধ্বমুখী প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে নিশ্চিত হাম এবং ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই সময়ে হামের লক্ষণ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।উদ্বেগজনক হাম পরিস্থিতিস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ১৬ জনসহ চলতি বছর বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে। সন্দেহজনক হাম নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জন ভর্তি হওয়ায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৬৩ জন রোগী। বছরজুড়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৭৯ জনে (নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনক হামে ১৬৯ জন)। জেলাওয়ারি হিসেবে মোট মৃত্যুতে সিলেটে ৭২, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৬ এবং মৌলভীবাজারে ১৫ জন রয়েছেন।বাড়ছে ডেঙ্গু সংক্রমণওঅন্যদিকে একই সময়ে নতুন ১২ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে চারজন সিলেট ওসমানী হাসপাতালে, একজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে এবং সাতজন হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে শনাক্ত হন। চলতি বছরে ডেঙ্গুতে বিভাগে মোট ৩ জন মারা গেছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চার জেলার মধ্যে সর্বোচ্চ ১৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জে।একদিকে শিশু ও রোগীদের নিয়ে হাসপাতালে চাপ বাড়ছে, অন্যদিকে একই সাথে দুই সংক্রামক ব্যাধির বিস্তার স্বাস্থ্য বিভাগে বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।