রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মদসহ ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে পূজার সুযোগে চোরাচালান বাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।রবিবার (১৮ অক্টোবর) পুলিশ ও বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম এবং পান্থুমাই চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, কসমেটিকস, চকলেট ও আলু জব্দ করে। জব্দ চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।পূজার সুযোগে চোরাচালানির বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের বরাত দিয়ে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এ সকল চোরাচালানির মালামাল জব্দ করা হয়।সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে দুটো মাদকের চালান জব্দ করেছে। আটক করা হয়েছে চারজনকে। এরমধ্যে রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে অটোরিকশাচালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করে পুলিশ। রবিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে শাপলা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে মদগুলো উদ্ধার করা হয়। পরে মদ ও অটোরিকশা জব্দ করে পুলিশ। মাদকসহ আটক নুরুল ইসলাম আকাশের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামে। তার মাধ্যমে মাদকগুলো পূজো উপলক্ষে পরিবহন হচ্ছিল বলে পুলিশকে জানায়। তবে গন্তব্য কোথায় বা মালিক কারা, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।শনিবার দুপুরে ট্রাকে কলাপাতা দিয়ে ঢেকে মাদক পরিবহনকালে হরিপুর পুলিশ চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল মদ, ৪০ বোতল ফেন্সিডিল ও ৪০০ পিস ইয়াবা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।মাদকের সঙ্গে আটক তিনজন হলেন- নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুরের মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুরের মো. ইদ্রিস আলী (৩৮)।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পৃথক ‍দুটো অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।ওসি জানান, দুর্গাপূজোর সুযোগে সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মদসহ ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ