হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরোবোঝাই (জিরা) একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও এক জন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।রোববার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—যশোর জেলার শার্শা থানার শ্রীকোনা গ্রামের মো. রবিউল হোসেনের ছেলে মো. মুজাহিদ (২৪), চৌগাছা থানার হিজলী গ্রামের হযরত আলীর ছেলে যোবায়ের (১৮) এবং সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর (হেমায়েত পাড়া) গ্রামের আবুল হোসেনের ছেলে মারুফ আহমেদ (১৯)। এছাড়া এ ঘটনায় সিলটে কোতোয়ালি থানার উপশহর এলাকার সুদাংশুর ছেলে শুভ দাস (৪৫) নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার জগদীশপুর গোলচত্বরে অবস্থান নেয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে তথ্য আসে যে, সিলেটের দিক থেকে একটি হলুদ রঙের ট্রাকে করে ভারতীয় জিরা ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ট্রাকটির গতিবিধি অনুসরণ করতে শুরু করে।অবশেষে সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় অবস্থিত ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতি রোধ করা হয়। এ সময় ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে হাতেনাতে আটক করে, তবে একজন পালিয়ে যান।পরবর্তীতে আটককৃত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অবৈধভাবে পরিবহনের দায়ে ট্রাকসহ সমস্ত জিরা জব্দ করা হয়েছে।তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি ও পুলিশ পরিদর্শক (মামলার বাদী) সুখেদু সরকার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় পরিবহন করছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের হবিগঞ্জ জুডিসিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।