বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাতীয় ঐক্যের ডাক ও বিবিধ প্রসঙ্গ

১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এরই মধ্যে দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ শুরু করেছেন। ২৩ নভেম্বর এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে সংলাপ হয়েছে। সংলাপে জাতীয় ঐক্যের জন্য এনসিপি যে শর্তগুলো দিয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। জামায়াতে ইসলামীও সংলাপ প্রক্রিয়ায় রয়েছে। এই দলটিও গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়নের পূর্বশর্তের কথা বলছে। এসব শর্তের কতটুকু, কত সময়ের মধ্যে সরকার মানতে পারবে, সেটা এখনই বলা মুশকিল। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের এই আহ্বান জানিয়েছেন এমন এক সময়ে যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের নানা স্থানে সহিংস পরিস্থিতির সৃষ্টি করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা ও জনসাধারণের জানমালের সুরক্ষা দেওয়া প্রথমত সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে দেশে সক্রিয় বিশেষ করে জাতীয় সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে তাদেরও সক্রিয় ও ইতিবাচক ভূমিকা প্রয়োজন। এই ন্যূনতম ইস্যুতে জাতীয় ঐক্যের জন্য পূর্বশর্ত দেওয়ার প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত নয়। গণতন্ত্র বিকাশের পথে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলারও জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে মত ও পথের ভিন্নতা থাকতে পারে। তা সত্ত্বেও নাগরিক সাধারণের শান্তি, স্বস্তি ও নিরাপত্তার প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। ২০২৪ সালের জুলাইয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদার করমর্দন প্রয়োজন। আলোচনার টেবিলে খোলামেলা মতবিনিময় হোক, ঐক্য সংহত হোক-এমনটাই প্রত্যাশিত। দুই. রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নিপীড়ন ও গণহত্যা একবিংশ শতাব্দীর গুরুতর মানবিক বিপর্যয়ের সাক্ষ্য বহন করে। ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া সামরিক অভিযানে বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী ও পুরুষ, শিশু ও বৃদ্ধ বাংলাদেশে আশ্রয় নেয়। এই মানবিক সংকটের বিচার চেয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গাম্বিয়ার মামলা একটি ঐতিহাসিক ঘটনা। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালতের রায়ে বলা হয়েছে, রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। যার মাধ্যমে ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শান্তি সনদ লঙ্ঘিত হয়েছে। রাষ্ট্র হিসেবে কোনো একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য সরাসরি দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালত এর আগে কোনো রায় দেয়নি। ইতিহাসে এটাই প্রথম। ১৯৯৪ সালে আফ্রিকার রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। প্রায় ১০০ দিনের মধ্যে কয়েক লাখ মানুষ নিহত হন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৯৯৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা প্রতিষ্ঠা করে। এই ট্রাইব্যুনাল গণহত্যার অপরাধে ব্যক্তির দায় নির্ধারণে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করে। রুয়ান্ডার একজন প্রভাবশালী স্থানীয় নেতা জ্যঁ-পল আকায়েসুর বিরুদ্ধে ১৯৯৮ সালে গণহত্যার দায়ে ঐতিহাসিক রায় দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রকে এজন্য দায়ী করা হয়নি। ১৯৯০-এর দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়ার মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক জাতিগত নিধন সংঘটিত হয়। ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর দ্য যুগোস্লাভিয়া এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৭ সালে বসনিয়া ও হার্জেগোভিনা বনাম সার্বিয়া মামলায় আন্তর্জাতিক বিচার আদালত রায় দেন। বিচারে সার্বিয়াকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হয়নি। তবে সার্বিয়া গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারেনি বলে আদালত সিদ্ধান্ত দেন। পক্ষান্তরে ২০২৬ সালের রোহিঙ্গা মামলায় মিয়ানমার রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। তবে আন্তর্জাতিক আদালতের রায় সব সময় বাস্তব পরিবর্তন আনতে পারে-এমন দাবি করা যায় না। মিয়ানমারের ক্ষেত্রেও কয়েকটি বড় প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমত দেশটিতে সামরিক বাহিনীর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। ২০১৭ সালের অভিযানের জন্য যাদের দায়ী করা হচ্ছে, তাদের একটি বড় অংশই সামরিক নেতৃত্বের সঙ্গে যুক্ত। ফলে নিজেদের বিরুদ্ধে তদন্ত ও বিচার পরিচালনার ক্ষেত্রে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত ভূরাজনীতির প্রভাব। মিয়ানমারে চীন, ভারত, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর নিজ নিজ স্বার্থ রয়েছে। নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার অবস্থান রায় বাস্তবায়নের উদ্যোগকে প্রভাবিত করতে পারে। ফলে গণহত্যার মতো অপরাধের বিচারও বৃহৎ শক্তির কূটনৈতিক হিসাবনিকাশের বাইরে নয়। তৃতীয়ত আদালত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়ে প্রতিকার নির্ধারণ করলেও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়নি। নাগরিক অধিকার, নিরাপত্তা, বসতভিটা, চলাচলের স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত না করে প্রত্যাবাসন ঘটালে তা হবে আরেক ধরনের অবিচার। এ কারণে প্রত্যাবাসনের প্রশ্নটি কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় আলোচনায় সীমাবদ্ধ রাখা যাবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত তদারকি প্রয়োজন। তিন. ইসরায়েলের ক্ষমতাকেন্দ্রে নেতানিয়াহু-যুগের অবসান কি আসন্ন? নাকি ঘুরেফিরে আবারও নেতানিয়াহু? ২৭ অক্টোবরের নির্বাচনের পর সামনে চলে এসেছে প্রশ্নটি। এই নির্বাচন দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট সংসদে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের দায়িত্ব পেলেও এখন পর্যন্ত তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি। ফলে ইসরায়েলের রাজনীতি এক জটিল আবর্তের মধ্যে পড়েছে। এমতাবস্থায় কে হচ্ছেন ইসরায়েলের নতুন মেয়াদের প্রধানমন্ত্রী-এই প্রশ্নে আমরা একটা হাইপোথিসিস দাঁড় করাতে পারি মাত্র। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট বা নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের নেতৃত্বাধীন চারটি প্রধান বিরোধী দলের আসনসংখ্যা ৪৮। অন্যদিকে দুটি আরব নেতৃত্বাধীন দলের সম্মিলিত আসন ১৯। অর্থাৎ নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর মোট আসন ৬৭ হলেও তাদের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক ঐক্য নেই। ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। কিন্তু ৬৭ আসনের সমর্থনকে কার্যকর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতায় রূপান্তর করাই আইজানকটের সামনে বড় চ্যালেঞ্জ। আইজেনকটের নেতৃত্বাধীন জোটে তাঁর নিজের ইয়াশার পার্টিসহ আর যে দলগুলো রয়েছে তাদের মধ্যে নেতানিয়াহু বিরোধিতার ঐক্য থাকলেও আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা, ধর্মীয় দলগুলোর ভূমিকা এবং সামরিক বাধ্যতামূলক সেবার প্রশ্নে মতপার্থক্য রয়েছে। ইসরায়েলের রাজনীতিতে এবার সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোর ভূমিকা। মানসুর আব্বাসের রা’আম এবং জয়েন্ট লিস্টের সম্মিলিত ১৯টি আসন সরকার গঠনের হিসাবকে নতুন মাত্রা দিয়েছে। তবে আরব দলগুলোর সমর্থন সংখ্যার হিসাবে সহজ সমাধান মনে হলেও রাজনৈতিকভাবে তা অত্যন্ত জটিল। ইসরায়েলের সরকার পরিবর্তন হলেই ফিলিস্তিন নীতিতে মৌলিক পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তা নেই। আইজেনকটের জোটে ডান, মধ্যপন্থি ও বামঘেঁষা রাজনীতির প্রতিনিধিত্ব থাকলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নাফতালি বেনেট ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। ইয়াইর লাপিদ দীর্ঘ মেয়াদে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কথা বলেছেন। আইজেনকট নিজেও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানের পরিচয় দিয়েছেন। গাজা যুদ্ধ-পরবর্তী ব্যবস্থা, পশ্চিমতীরে বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা এবং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ-এসব প্রশ্নে নতুন সরকার কতটা পরিবর্তন আনতে পারে, তা নির্ভর করবে তার অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক চাপের ওপর। নেতানিয়াহুর বিদায় ঘটলেও নেতানিয়াহুবাদের অবসান ঘটবে-এমন সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ নেই। কারণ তাঁর রাজনৈতিক ধারার গুরুত্বপূর্ণ অংশ এখনো ইসরায়েলের সমাজ ও রাজনীতিতে প্রভাবশালী। অন্যদিকে আইজেনকটের উত্থানও নতুন কোনো আদর্শিক বিপ্লবের নিশ্চয়তা দেয় না। বরং এটি ক্ষমতার পুনর্বিন্যাসের একটি সুযোগ। সুতরাং ইসরায়েল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণ থেকে দেশটি অধিকতর সমঝোতামুখী রাজনীতির দিকে যাবে, নাকি পুরোনো মেরূকরণ নতুন রূপে ফিরে আসবে, তা নির্ভর করছে সরকার গঠনের চলমান দরকষাকষি এবং পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ওপর। লেখক: সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক

জাতীয় ঐক্যের ডাক ও বিবিধ প্রসঙ্গ