বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাফলংয়ে স্ত্রীকে ভারত পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেফতার ৪

জাফলংয়ে মাত্র ৪ লাখ টাকার বিনিময়ে নিজ স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টাকালে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচারের শিকার ওই নারীর স্বামীসহ মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলং বল্লাঘাটের ‘প্রজাপতি রিসোর্ট’ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, ভিকটিমের স্বামী আশিকুর রহমান (ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে), মো. জহিরুল ইসলাম, কাওছার এবং মো. সাগর মিয়া। তারা সবাই ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচারকারী চক্রটি ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রজাপতি রিসোর্টে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট পুলিশের ইনচার্জ রাজিব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানে পাচারকারী চক্রের কবল থেকে ভিকটিম খুকি আক্তার মিমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।সোমবার দিবাগত রাতে ভিকটিম খুকি আক্তার মিম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, জাফলং পর্যটনকেন্দ্র হওয়ায় কিছু হোটেল, মোটেল ও রিসোর্টকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারী চক্র। পর্যটকের ছদ্মবেশে তারা এসব রিসোর্টে অবস্থান নেয় এবং সুযোগ বুঝে নারী ও শিশুদের সীমান্ত পার করে ভারতে পাচার করে দেয়। প্রায়ই পুলিশের অভিযানে দু-একজন আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জাফলংয়ে স্ত্রীকে ভারত পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেফতার ৪