রূপালি পর্দার গ্ল্যামারের বাইরে গিয়ে মানবতার এক সুন্দর উদাহরণ রাখলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। মানবকল্যাণে ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি নতুন উদ্যোগ শুরু করেছেন তিনি।এর মাধ্যমে দক্ষিণ ভারতের আটটি অঞ্চলের মোট ৪০০টি দরিদ্র পরিবারকে আগামী এক বছর ধরে খাবার ও মুদি বাজার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী।আসন্ন পিরিয়ড ড্রামা সিনেমা ‘রণবালী’তে রাশমিকাকে দেখা যাবে ‘জয়আম্মা’ নামের একটি শক্তিশালী চরিত্রে, যা মূলত ১৮৭৬-৭৮ সালের ঐতিহাসিক মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত।পর্দার এ চরিত্রটিই বাস্তব জীবনে তাকে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।ভিডিও বার্তায় রাশমিকা বলেছেন, ‘আমি আজ আনুষ্ঠানিকভাবে ৪০০ পরিবারকে দত্তক নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, প্রতি ধাপে ৪০০ পরিবারকে টানা ৩ মাস করে মুদি বাজার বা রেশন সহায়তা দেওয়া হবে এবং এ ধারাবাহিকতা আগামী এক বছর ধরে চলবে। এর ফলে ওই পরিবারগুলোর দৈনন্দিন খাবারের খরচ বেঁচে যাবে এবং সেই জমানো টাকা তারা ভবিষ্যতের সঞ্চয় ও কল্যাণে কাজে লাগাতে পারবে।’এ মুদি প্যাকেটে রয়েছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ১০ লিটার রান্নার তেল এবং ডাল, রাগি, সয়া চাঙ্কস, মসলা ও চা-পাতা। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, অনন্তপুর, কোডাঘু এবং বিজয়ওয়াড়ার মতো দক্ষিণ ভারতের আটটি প্রধান অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।এতদিন নিজের দাতব্য কাজগুলো প্রচারের আলোর বাইরে রাখতেন রাশমিকা। কিন্তু এবার তা প্রকাশ্যে আনার কারণ হিসেবে তিনি জানান, ‘যদি আমার এ ছোট প্রচেষ্টা দেখে আপনাদের কেউ অনুপ্রাণিত হন এবং অন্যের উপকারে এগিয়ে আসেন, তবেই আমার এ উদ্যোগ সার্থক হবে। দয়ার একটি ছোট কাজও কারও জীবন বদলে দিতে পারে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।