রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষের বদলির দাবি শিক্ষার্থীদের

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।রোববার (২৯ নভেম্বর) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা।এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে দ্রুত বদলি করতে হবে। কারণ তিনি দুর্নীতিগ্রস্ত মানুষ। তাকে দ্রুত সময়ের মধ্যে বদলি না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।যানজটে আটকে ভোগান্তিতে পড়া সোহাগ মিয়া বলেন, প্রায় ১ ঘণ্টা যানজটে আটকে থাকার পর সিলেটে উদ্দেশ্য আবারও গাড়ি চলাচল শুরু হয়েছে। এখন যে কাজের জন্য যাচ্ছি জানি না সেটা করতে পারব কি না।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদের দাবি বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষের বদলির দাবি শিক্ষার্থীদের