পাহারাদারকে ভেতরে রেখেই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি শাখা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংকটির সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।পুলিশ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি পেট্রল ঢেলে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট জ্বলার পর আগুন আপনা-আপনি নিভে গেলে ওই ব্যক্তি পুনরায় প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। এ সময় বাইরে তাঁর সঙ্গে আরও কেউ ছিল কি না, তা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়নি।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা পাহারাদার হাফিজুর রহমানকে ডেকে বাইরে নিয়ে আসে। আগুনে ব্যাংকের ভেতরের কোনো নথিপত্র বা আসবাবের ক্ষতি হয়নি, কেবল বাইরের ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে।এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।