আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনার পর পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। এছাড়া যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।পূজার নিরাপত্তায় সভায় বেশ কিছু নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়েছে- প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর উপস্থিতি টের পেলে দ্রুত পুলিশকে অবহিত করা।সমন্বয় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নগরীর পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সবাইকে আশ্বস্ত করে বলেন, সিলেটের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে পূজা উদযাপনকে নিরাপদ করতে পুলিশসহ অন্যান্য সংস্থা সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।