জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের পাশাপাশি বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্পিকার।রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে চমৎকার উন্নয়ন অংশীদারত্ব রয়েছে। সুইডেনের এক-কক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সংসদীয় কাঠামোর অনেক সাদৃশ্য রয়েছে উল্লেখ করে তিনি জানান, উভয় দেশের মধ্যে ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠিত হলে তা সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের কথা তুলে ধরে স্পিকার বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণ যাতে নিজেদের পছন্দমতো প্রার্থী ও দলের পক্ষে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বর্তমানে সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার কাজ চলছে।সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস তাঁর দেশের সংসদীয় ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে দুই দেশের সংসদের সম্পর্ক আরও নিবিড় করার ওপর জোর দেন। এ সময় তিনি ক্রীড়া, সংস্কৃতি এবং বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।বৈঠকে স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পাশাপাশি, বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মজুত প্রাকৃতিক সম্পদ—বিশেষ করে তেল ও গ্যাস উত্তোলনে সুইডেনের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।সৌজন্য সাক্ষাতে সুইডিশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।