মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম সই করেন।‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’-এর আওতায় এই ঋণের অর্থ ব্যবহার করা হবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সমন্বয় করবে।ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো রোপণ মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের কাছে সার সহজলভ্য করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখাই এ প্রকল্পের উদ্দেশ্য।বিশ্বব্যাংকের দেওয়া এই ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর থাকবে গ্রেস পিরিয়ড। অর্থাৎ এই সময়ে ঋণের মূল অর্থ পরিশোধে ছাড় পাবেন ঋণগ্রহীতা।বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতেও বিশ্বব্যাংক অর্থায়ন করে আসছে।নতুন এই ঋণের অর্থে খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতির চাপ মোকাবিলায় সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক