বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও জলাতঙ্কের আতঙ্ক থেকে সিলেট নগরবাসীকে মুক্ত রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। প্রাণী কল্যাণ আইন মেনে কুকুর নিধনের পরিবর্তে নগরজুড়ে ‘মাস ডগ ভ্যাকসিনেশন’ (এমডিভি) কর্মসূচির মাধ্যমে তিন হাজার ৭২৩টি বেওয়ারিশ ও মালিকানাধীন কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।সিসিক ও সিলেট জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার। গত ১২ অক্টোবর সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এই টিকাদান অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর নগরীর ৪২টি ওয়ার্ডজুড়ে ধাপে ধাপে বিস্তৃত এই কার্যক্রম পরিচালিত হয়।সিসিক সূত্রে জানা যায়, টিকাদান সম্পন্ন হওয়া কুকুরগুলোকে শনাক্ত করার জন্য বিশেষ গোলাপি রঙে চিহ্নিত করা হয়েছে। এর ফলে কোনো কুকুর টিকাদানের আওতার বাইরে থেকে গেলে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে এবং পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানেও এটি সহায়ক ভূমিকা রাখবে।এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “কুকুর নিধন কোনো স্থায়ী সমাধান নয়; বরং টিকাদানের মাধ্যমে রোগ সংক্রমণ রোধ করে নগরবাসীকে নিরাপদ রাখাই আমাদের মূল লক্ষ্য। কোনো টিকাপ্রাপ্ত কুকুর ভুলবশত কাউকে কামড়ালে বা আঁচড় দিলে আতঙ্কিত না হয়ে সতর্কতাস্বরূপ নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।”সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিসিকের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সিলেট নগরবাসীর জলাতঙ্কের ঝুঁকি বহুলাংশে হ্রাস পাবে। পরিবেশ ও প্রাণীর ভারসাম্য রক্ষা করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের এই উদ্যোগটি ইতোমধ্যেই নগরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।