মিস ইউনিভার্সের স্বপ্নভঙ্গ, যা বললেন সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে ইতিহাস গড়েছেন জেনিফার বারেতো। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। ফলে চূড়ান্ত আসর থেকে বিদায় নিতে হলো মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহিকে। প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, তার পাশে থাকা মানুষের ভালোবাসা ও সমর্থন যেকোনো অর্জনের চেয়ে বড়।
সামিরা খান মাহি লেখেন, ‘আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’
প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে সামিরা আরও লেখেন, ‘তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের প্রত্যাশামতো গর্বিত করতে না পারলে আমি দুঃখিত।’
জীবনে সব চেষ্টার ফল প্রত্যাশা অনুযায়ী হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’
দেশের মানুষের ভালোবাসাকে নিজের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে সামিরা লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’
বার্তার শেষে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জেতা ২৭ বছর বয়সী জেনিফার কেবল একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী নন। তিনি একজন স্ত্রী, সাত বছর বয়সী কন্যাসন্তানের মা, উচ্চশিক্ষিত পেশাজীবী ও সমাজকর্মী। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।