দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি টেকসই কাঠামো তৈরিতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি মাঠের ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। এছাড়া সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে ইতোমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে ফুটবল, ক্রিকেট, সাঁতার, হকি ও আর্চারিসহ বিভিন্ন খেলায় নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি হবে।তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরি এবং ওয়ার্ড পর্যায়ে ফুটসাল মাঠ গড়ার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বিষয়ক পাঠ্যপুস্তক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।মৌলভীবাজারের দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান ও কমনওয়েলথ গেমসের মতো আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।