সিলেটে টানা প্রায় এক সপ্তাহ পর গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১২৩ জন রোগী ভর্তি হয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন কোনো প্রাণহানি না ঘটলেও আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির চাপ অব্যাহত রয়েছে।নতুন ভর্তি হওয়া ১২৩ জনের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চার জন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হননি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ১০২ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলাওয়ারি হিসাবে সিলেট জেলায় ৪২৯, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ১০ জন। জেলাভিত্তিক মৃত্যু পরিসংখ্যানে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।