মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুল আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে রায়ে চারজনকে আর্থিক জরিমানা এবং অপরাধে সম্পৃক্ততার দায়ে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। এছাড়া অপরাধ প্রমাণিত হওয়ায় অপর দুই আসামি মুহিবুর রহমানকে ৭ বছরের এবং জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিরোধের একপর্যায়ে শাবানা বেগমকে তাঁর সৎ ভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।এ ঘটনার পর নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে অভিযুক্ত করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ ঐতিহাসিক রায় প্রদান করলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।