শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সিলেটের সাংবাদিকেরা। ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।সভায় আরও সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।সমাবেশ সফল করতে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক