সিলেট নগরীর রায়নগরে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় ভূমি বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা- সুক্ষ্মভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছে নিহতের পরিবার।তাঁদের দাবি, সিলেট পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আব্দুস সাত্তার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন এবং এ কারণে তাঁকে অতীতে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার ও আব্দুস সাত্তারের দীর্ঘদিনের সহযোগী মুহাম্মদ তৌহিদুল ইসলাম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির জমি নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলছে। আব্দুস সাত্তার ও সেলিনা সুলতানা সমিতির কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১২ শতক জমি লিজ নিয়ে ভোগদখল করছিলেন। ওই জমিসহ সমিতির মোট ৮০ শতক জমি জাল দলিলের মাধ্যমে ‘ইম্পলস ভিন্ডার্স লিমিটেড’-এর নামে হস্তান্তরের চেষ্টার অভিযোগে ২০১৫ সালে আব্দুস সাত্তার আদালতে মামলা করেন। এছাড়া জমি-সংক্রান্ত জালিয়াতির অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চারজনের বিরুদ্ধে মামলা করে, যেখানে আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।পরিবারের দাবি, এসব মামলার সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে তাঁকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০১৬ সালে এ নিয়ে কোতোয়ালি থানায় জিডি করা হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতেও তাঁদের বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া ও হুমকি দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে থানায় আরেকটি জিডি করেন সেলিনা সুলতানা। এসব কারণে তিন হত্যাকাণ্ডের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তাঁরা।আটক বাবুলের জবানবন্দি নিয়ে প্রশ্ন:হত্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়া বাবুল মিয়ার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছে পরিবার। আরিফ ইফতেখার বলেন, বাবুলের দাবি অনুযায়ী—তিনি একাই বাসায় ঢুকে মাত্র ২৩ মিনিটের মধ্যে তিনজনকে হত্যা করেন, রক্ত পরিষ্কার করেন, নিজের কাটা হাত ব্যান্ডেজ করেন, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজেন এবং পালিয়ে যান। এত অল্প সময়ে একজনের পক্ষে এসব করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এছাড়া সিসিটিভি ফুটেজের সঙ্গে বাবুলের বর্ণনা ও সুরতহাল প্রতিবেদনের তথ্যে অসংগতি রয়েছে বলে দাবি করেন তাঁরা। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন আশপাশের লোকজনের উপস্থিতিতে পুলিশ ছুরি না পেলেও পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে পাশ্ববর্তী খালি জায়গা থেকে ছুরি ও ব্যাগ উদ্ধারের বিষয়টি সন্দেহজনক।তদন্ত কর্মকর্তার ভূমিকা ও অন্যান্য অভিযোগ:সংবাদ সম্মেলনে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপুল চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, তদন্তের শুরুতে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ ও যাচাইয়ে অবহেলা করা হয়েছে। পাশাপাশি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাবুলকে জিজ্ঞাসাবাদের ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। পরিবারের আশঙ্কা, এ ধরনের ঘটনা তদন্তকে প্রভাবিত করতে পারে। এছাড়া মামলার বাদী সেলিনা সুলতানার স্বামী রুহিন খানকে মামলা পরিচালনা না করার হুমকি দেওয়া এবং বাদীর বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগে গত ২ অক্টোবর একটি জিডি করার কথাও জানানো হয়।সংবাদ সম্মেলনে আরিফ ইফতেখার স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা চাই পিবিআই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করুক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন কোনোভাবেই পার পেয়ে না যান।’উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরের রায়নগরের ১১১ মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় খুন হন ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।