২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠানে।পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত বোর্ডের ফলাফল পরিসংখ্যানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন চিত্র দেখা গেছে।বোর্ডের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে এবারই শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে কম। ২০২১ সালে সিলেট বোর্ডের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছিল। তবে ২০২২ সালে তা একলাফে কমে দাঁড়ায় ১১টিতে। পরবর্তী বছরগুলোতে এই ধারাবাহিকতায় আরও অবনতি দেখা যায়—২০২৩ সালে মাত্র ২টি, ২০২৪ ও ২০২৫ সালে ৮টি করে প্রতিষ্ঠান শতভাগ পাসের তালিকায় ছিল। এবার সেই সংখ্যা আরও কমে ছয়ে নেমে এসেছে।অন্যদিকে, টানা চার বছর (২০২১ থেকে ২০২৪ সাল) সিলেট বোর্ডে কোনো শূন্য পাসের প্রতিষ্ঠান না থাকলেও গত বছর থেকে এই প্রবণতা আবার শুরু হয়েছে। ২০২৫ সালে ৪টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি, আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ৩টি প্রতিষ্ঠান।উল্লেখ্য, চলতি বছর সিলেট বোর্ডে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৫৯৭ জন। সার্বিক ফলাফলের এই নিম্নমুখী প্রবণতার স্পষ্ট প্রতিফলন ঘটেছে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও, যা আঞ্চলিক শিক্ষার গুণগত মান নিয়ে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।