মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সৌদি প্রবাসীদের যে নির্দেশনা দিল দূতাবাস

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত কোনও তথ্য, ছবি বা ভিডিও ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, অন্যের সঙ্গে আদান-প্রদান কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই সৌদি আরবের আইন মেনে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার এবং আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।এছাড়া নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দূতাবাসের বিভিন্ন হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ নম্বর এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বরে বিনামূল্যে কল করা যাবে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে বিজ্ঞপ্তিতে ৮০০১০০০১২৪ নম্বর উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।   মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সৌদি প্রবাসীদের যে নির্দেশনা দিল দূতাবাস