বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলে যে বিপদ হতে পারে

অফিসের কম্পিউটার, সাইবার ক্যাফে কিংবা বন্ধুর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কাজ শেষে শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করেন? এমন অভ্যাস আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কারণ ব্রাউজারের ট্যাব বন্ধ করলেও হোয়াটসঅ্যাপ ওয়েবের লগইন সেশন চালু থাকতে পারে। ফলে পরবর্তী ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন। তাই অন্যের বা সবার ব্যবহারের জন্য রাখা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর অবশ্যই অ্যাকাউন্ট থেকে লগ আউট করা জরুরি। লগইন অবস্থায় থাকলে কী বিপদ হতে পারে? হোয়াটসঅ্যাপ ওয়েবের কোনো সেশন লগইন অবস্থায় থেকে গেলে অন্য কেউ ওই ডিভাইস ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। এতে ব্যক্তিগত কথোপকথন ও গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এমন সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে সাইবার অপরাধীরা। যেমন— ব্যক্তিগত কথোপকথন পড়া: আপনার ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ চ্যাট অন্য কেউ দেখে ফেলতে পারে। আপনার পরিচয়ে বার্তা পাঠানো:  আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পাঠানো হতে পারে। যোগাযোগের তালিকা ও গ্রুপের তথ্য হাতিয়ে নেওয়া: আপনার পরিচিত ব্যক্তিদের তালিকা এবং গ্রুপের কথোপকথন অন্যের নাগালে চলে যেতে পারে। প্রতারণা ও ফিশিং: চুরি করা তথ্য ব্যবহার করে পরিচিতদের লক্ষ্য করে প্রতারণা বা ফিশিংয়ের চেষ্টা হতে পারে। কোথায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা ঝুঁকিপূর্ণ? অফিসের ভাগাভাগি করে ব্যবহার করা কম্পিউটার, হোটেলের ব্যবসায়িক কেন্দ্র কিংবা সাইবার ক্যাফের মতো জায়গায় হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করাই ভালো। এসব ডিভাইস একাধিক ব্যক্তি ব্যবহার করেন। ফলে লগইন সেশন চালু থাকলে পরবর্তী ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারেন। একান্ত প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট করুন। শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করে নিশ্চিন্ত হওয়া ঠিক নয়। নিরাপদ থাকতে কী করবেন? হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর অ্যাকাউন্ট থেকে সরাসরি লগ আউট করার অভ্যাস গড়ে তুলুন। অন্যের কম্পিউটারে লগইন করার সময় কাজ শেষ না হওয়া পর্যন্ত ডিভাইসটি নজরে রাখুন। সম্ভব হলে ব্যক্তিগত ও বিশ্বস্ত ডিভাইসেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করুন। এ ছাড়া নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপের **লিংক করা ডিভাইস** অপশনে গিয়ে লগইন থাকা ডিভাইসগুলো পরীক্ষা করতে পারেন। অপরিচিত বা অব্যবহৃত কোনো ডিভাইস থাকলে সেখান থেকে লগ আউট করে দিন। মনে রাখবেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শুধু নিরাপত্তা সেটিংস যথেষ্ট নয়; ব্যবহার শেষে অ্যাকাউন্ট থেকে সঠিকভাবে লগ আউট করাও সমান গুরুত্বপূর্ণ। বিডি-প্রতিদিন/এআইএস

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের পর লগ আউট না করলে যে বিপদ হতে পারে