নেত্রকোনায় ছাত্রদলের এক নেতাকে হত্যার হুমকি দিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি রোডসংলগ্ন কার্যালয়ের সামনে এসব সামগ্রী ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হুমকির শিকার ছাত্রদল নেতা আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাবা আকরাম হোসেন সাতপাই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘটনাটি জানার পর আমিরুল নিজেই কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঝুলিয়ে রাখা চিরকুটে আমিরুলকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর তাকে মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর এবং ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তার বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার কোনও সুযোগ নেই বলেও চিরকুটে উল্লেখ করা হয়েছে। চিরকুটের নিচে ‘সর্বহারা গ্রুপ’ লেখা রয়েছে। এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আরও দুটি স্লোগানও উল্লেখ করা হয়েছে। আমিরুল ইসলাম বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বুঝতে পারছেন না। চিরকুটে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তার মা কান্নাকাটি করছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, ঘটনাটি নিন্দনীয় ও উদ্বেগজনক। এর সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে ফেলে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।