নৃশংসতা। ভয়াল থাবা। অবিনাশী সেই কালো রাত আজ। ১৯৭১ সালের বিভৎস স্মৃতির ২৫ মার্চ আজ।
‘অবিনাশী আগুনে পোড়ে হায়রে শোকার্ত স্বদেশ/দুখিনী মায়ের অশ্রু জমা হয় নিভৃত পাঁজরে/যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক উঠুক ঝলসে/ যে যাবে যুদ্ধে সবকিছু ভাঙুক সে....।’
উত্তাল দিন শেষে নেমেছে সন্ধ্যা। গভীর হতে শুরু করেছে রাত। একাত্তর সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। তখনও কেউ জানে না কী ভয়ঙ্কর, নৃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালীর জীবনে। ব্যস্ত শহর ঢাকা প্রস্তুতি নিচ্ছে ঘুমের। ঘরে ঘরে অনেকে তখন ঘুমিয়েও পড়েছে। হঠাৎই যেন খুলে গেল নরকের সবক’টি দরজা।
রাত সাড়ে ১১টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো হনন-উদ্যত নরঘাতক কাপুরুষ পাকিস্তান সেনাবাহিনী। ছড়িয়ে পড়ল শহরময়। ‘অপারেশন সার্চ লাইট’। এ নাম নিয়েই মৃত্যুক্ষুধা নিয়ে জলপাই রঙের ট্যাঙ্ক নেমে এলো। আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল অত্যাধুনিক রাইফেল, মেশিন গান ও মর্টার। নিরীহ মানুষের আর্তনাদে ভারি হলো রাতের বাতাস। মানব ইতিহাসের পাতায় রচিত হলো কালিমালিপ্ত আরেকটি অধ্যায়। নিরস্ত্র, ঘুমন্ত মানুষকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় স্তম্ভিত হলো বিশ্ববিবেক।
আজ সেই ভয়াল ও বিভৎস্য কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের ৫০ বছর পূর্তির দিন। বাঙালী জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতোই ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী সেনাবাহিনীর ঘটানো গণহত্যাকা-ের দিনটি জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।
দিনটি উপলক্ষে প্রতিবছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও বিশ্বজুড়ে আক্রান্ত করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি কর্মসূচি পালিত হবে। গণহত্যার ৫০ বছরপূর্তিতে আজ বৃহস্পতিবার এক মিনিটের জন্য অন্ধকারে নিমজ্জিত হবে গোটা দেশ।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারী কর্মসূচির অংশ হিসেবে আজ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে সব আলো নিভিয়ে সারাদেশের মানুষ এক মিনিটের প্রতীকী ব্লাকআউট কর্মসূচি পালন করবে। তাই ২৫ মার্চ রাতে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন ও স্থাপনাসমূহে কোন আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
মতামত