সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জে লকডাউন ভঙ করে হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় দেড় শ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এই মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা শাহগলি বাজারে মিছিল বের করেন হেফাজত নেতাকর্মীরা।
গ্রেফতারকৃতরা হলেন মাইগ্রামের মৃত আব্দুল হকের ছেলে সাহাব উদ্দিন (৩০) ও জাকারিয়া (৩২), মৃত মনজির আলী সানাই মিয়ার ছেলে মঞ্জুর আহমদ (৪৮) ও শাহ মর্তুজ আলী রাজু (৪০), খিলোগ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫০) ও হুমাউন আজাদ (৪৫), আব্দুল হামিদের ছেলে নুরুল হক খান (৪৭) জমির উদ্দিনের ছেলে কামিল আহমদ (২২)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, লকডাউন ভঙ্গ করে মিছিল বের করায় হেফাজতের ৮জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদি হয়ে ১৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইনে জকিগঞ্জ থানায় দায়েরকৃত এ মামলায় আটক আটজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।
মতামত