সিলেট নগরে 'জয়বাংলা' ও নারায়ে 'তাকবীর' উভয় স্লোগান ব্যবহার করে সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসভবনে হামলার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৩ এপ্রিল) সিলেট নগরীর মুন্সিপাড়ায় তারাবির নামাজের সময়ে এ ঘটনাটি ঘটে।
১৫/২০ জন দুর্বৃত্তরা এসময় তাঁর বাসাসহ আশপাশের আরও কয়েকটি বাসায়ও হামলা চালায়।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন দৃর্বৃত্ত প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। আমার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’
হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আমাদের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
স্থানীয় বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে জানান ওসি এস এম আবু ফরহাদ।
মতামত