সিলেটের বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় অটোরিকশা চালক পলাতক রয়েছে। তবে চালককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
নিহত সাহেদ আহমদ দিপু (৩৩) পৌর শহরের নয়াগ্রামের তছির আলীর ছেলে।
রবিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিপু হেটে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি বিয়ানীবাজার-সিলেট মহাসড়ক পার হতে গেলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত