চলে গেলেন হাদিসের মসনদের অলংকার
মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রাহ. ছিলেন সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়ার সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট জেলার সভাপতি, সিলেটের প্রাচীন শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, খাদিমুল কুরআন পরিষদের সভাপতি, সিলেট জেলা উলামা কমিটির চেয়ারম্যান, সিলেট জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান।
সংক্ষিপ্ত জীবনী: শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রাহ. ১৯৪৭ সালের ৮ জানুয়ারি সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত গাছবাড়ী ডাকনাইল দক্ষিণ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মুহাম্মদ ইসহাক রহ.।
শিক্ষার্জন: গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর মাযাহিরুল উলূম আকুনি মাদরাসায় সানাবিয়া ৩য় বর্ষ পর্যন্ত পড়াশুনা করেন। অতঃপর জালালাইন ও মিশকাত জামাত জামেয়া দারুল উলূম কানাইঘাটে অধ্যয়ন শেষে ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া আরাবিয়া রানাপিং -এ মাওলানা রিয়াসত আলী চৌঘরী রহ. ও মাওলানা তাহির আলী তৈপুরী রহ. –এর কাছে দাওরায়ে হাদিস পড়েন।
অতঃপর দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬২ ঈসায়িতে পুনরায় তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি হাটহাজারিতে ফেক্বাহ, তাফসীর, আদব ও মানতিক বিষয়ে পড়াশুনা করেন।
কর্মজীবন: দারুল উলূম হুসাইনিয়া দরগাহপুর পাথারিয়া মাদরাসায় অধ্যাপনার মাধ্যমে তাঁর প্রাতিষ্ঠানিক খিদমাতের সূচনা হয়। চার বছর পর ১৮/১০/১৯৯৩ হিজরিতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেটে তিনি যোগদান করে পর্যায়ক্রমে সদর মুদাররিস, শিক্ষাসচিব, শায়খুল হাদিস ও মুহতামিম হিসেবে দায়িত্বরত অবস্থায় ১৭ মে বুধবার মাওলায়ে হাকিকির মুলাকাতে চলে গেলেন না ফেরার দেশে।
প্রিয় উস্তাদ, প্রিয় শায়খের মৃত্যু সংবাদ বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীরা ভীড় জমাতে শুরু করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অজস্র ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হযরতের নামাজে জানাযা বৃহস্পতিবার (১৮মে) বেলা আড়াইটায় সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মতামত