সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আডভোকেট আব্দুল গফফার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২২ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল গফফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আব্দুল গফফার সিলেট বিএনপির দুই দফা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের সময় তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল গফফারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। তিনি বলেন, সিলেট বিএনপির একজন বর্ষীয়ান নেতা ছিলেন আব্দুল গফফার। তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। সিলেট বিএনপিতে দীর্ঘ সময় তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।