এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্ট থেকে হাকালুকি হাওর দেখার বিরল সুযোগ থাকলেও নেই প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে জিরো পয়েন্ট। সরকারি উদ্যোগে পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন হলে এটি হতে পারে আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। পর্যটন স্থান হিসেবে স্বীকৃতি পেতে পারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের।
ঘিলাছড়া জিরো পয়েন্ট, ভ্রমণ পিপাসুদের মধ্যে কারো কাছে স্বপ্ন, আবার কারো কাছে খুব পরিচিত। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি দেখার এক অপূর্ব সুযোগ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের এই জিরো পয়েন্ট থেকে।
প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার রূপ আরই জীববৈচিত্র্যে ভরপুর, এই জলভূমি যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজেই ছবি আঁকে প্রতিটি মুহূর্তে। নীল জলরাশিতে ঢেউয়ের সাথে মাছের মিতালী, বাতাসে ভেসে বেড়ানো ডানাওয়ালা পাখির কলতান, আর শিশুদের দুরন্তপনায় মুখর, হাওরের পাড়, এভাবেই পর্যটকদের হৃদয়ে জায়গা করে নেয়, হাকালুকি হাওর।
সময় যতো পাল্টাচ্ছে, হাওর বিলাসীদের আগমনে জিরো পয়েন্ট মুখরিত থাকলেও, পাল্টাচ্ছেনা জিরো পয়েন্টের অবকাঠামোগুলোর রূপ। পরিবেশ, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াক ওয়ে, ভালো মানের খাবার, পুরুষ মহিলাদের পৃথক ড্রেসিং রোম, ঘটতি রয়েছে তাতে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এখানকার অবকাঠামোর উন্নয়ন।
এদিকে জিরো পয়েন্ট এর অবকাঠামোগত পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন সিলেট-৩ আসনের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। একটি নান্দনিক রিসোর্ট নির্মাণে ব্যয় করেছিলেন এক বিশাল অংকের টাকা। ষাট শতাংশ কাজ শেষ হলেও চার বছর আগে সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু, ওলট-পালটহয়ে যায় ঘিলাছড়া জিরো পয়েন্টের নান্দনিকতার স্বপ্ন। পরবর্তী সময় পার হয়েছে শুধু উপহাস ও মিথ্যা প্রতিশ্রুতির ঝর্নাধারায়!
সরেজমিন জিরো পয়েন্ট ঘুরে কথা হয় খুলনা বিভাগের যশোর থেকে আসা পর্যটক শাহিন আলমের সঙ্গে, তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, জিরো পয়েন্ট থেকে হাকালুকি হাওরে নৌকায় ঘুরা, সাঁতার কাটা, গোসল করা খুবই আনন্দের, তবে এখানকার অবকাঠামো উন্নয়ন খুবই জরুরী। দেশের পর্যটন স্থান হিসেবে অপার সম্ভাবনার জায়গা ঘিলাছড়া জিরো পয়েন্ট।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঘিলাছড়া জিরো পয়েন্ট ও হাকালুকি হাওর আমাদের পর্যটন সম্ভাবনার এক অপার উৎস। তাই এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন দ্রুত সরকারি হস্তক্ষেপ, পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পর্যটন ব্যবস্থা। সময় এসেছে ঘিলাছড়া জিরো পয়েন্টকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন স্থান হিসেবে স্বীকৃতি দিয়ে তা জাতীয় পর্যায়ে তুলে ধরার। পর্যটন সম্ভাবনায় ঘিলাছড়া জিরো পয়েন্ট হতে পারে দেশের গর্ব। এতে যেমন স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, তেমনি দেশের পর্যটন খাতও পাবে নতুন গতি।